নিজস্ব প্রতিবেদক : সিলেটে সরকারি বিরোধী মিছিলের অভিযোগে যুবলীগ ও ছাত্রলীগের ২৪জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।
গত (১৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে কোতোয়ালি থানার নবাব রোডস্থ পিডিবি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মিছিল দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মাসুদ আহমদ বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি (মামলা নং: ২৬, তাং:১৮/৬/২০২৬ইং) মামলা দায়ের করেন। মামলায় ২৪ জনের নামোল্লেখ ও ৪০/৪৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
উক্ত মামলায় আসামি করা হয় সাবেক ছাত্রলীগ নেতা ও লক্ষীপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মিজান আহমদকে। তিনি গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কতোয়ালপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৬ জুন সকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় কোতোয়ালি থানা এলাকার নবাব রোডস্থ পিডিবি অফিসের সামনে থেকে মদিনা মার্কেটের দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সরকার বিরোধী মিছিল করছে। খবর পেয়ে পুলিশ নবাব রোডস্থ পিডিবি উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ছাত্রলীগের ৪জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে৷ এসময় মামলার অন্যান্য আসামিরা দৌড়ে পালিয়ে যায়।
আরও জানা যায়, আসামিরা বিভিন্ন সময় জেলা ও মহানগর ছাত্রলীগের ব্যানারে জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে মিছিল করে থাকেন৷
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির আসামিদের গ্রেপ্তার ও মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে মামলার ৮নাম্বার আসামি যুবলীগ নেতা মিজান আহমদ প্রবাসে থাকার পরও পুলিশের মামলায় আসামি হয়েছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। যখনই তিনি দেশে ফিরবেন তখনই গ্রেপ্তার হওয়ার আশংকা রয়েছে তার। মিজান আহমদ মামলার আসামি হওয়ায় উদ্বিগ্ন রয়েছেন তার পরিবারের সদস্যরা।
