|

গোলাপগঞ্জে প্রবাসী ছাত্রনেতার দোকান ভাঙচুর ও জোরপূর্বক দখলের অভিযোগ


গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে প্রবাসী ছাত্রনেতা সুফিয়ান আহমেদ ও তার বড় ভাই লোকমান হোসেনের দোকান ভাংচুর ও জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের পরগনা বাজারে এ ঘটনা ঘটে। এঘটনায় প্রবাসী সুফিয়ান আহমেদের ভাই লোকমান হোসেনসহ দুইজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে পরগনা বাজারে প্রবাসী সুফিয়ান আহমেদ ও তার বড় ভাই লোকমান হোসেনের দোকান বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ ও বিএনপি নেতা রেহান উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী দোকান ভাঙচুর করে ও দখলে নেয়। এসময় বাধা দিতে গেলে সন্ত্রাসীরা লোকমান হোসেনের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় লোকমান হোসেনসহ আরও ১ জন আহত। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

ভুক্তভোগী পরিবার জানায়, ভূমিদস্যু এই চক্রটি প্রবাসে থাকা সুফিয়ান আহমেদ এবং দেশে থাকা তার বড় ভাই লোকমান হোসেনকে আরও নতুন নতুন মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এর ফলে পুরো পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

অভিযোগের বিষয়ে জানতে বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে, তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে বা উত্তর দিতে রাজি হননি।

এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবার প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

Post a Comment

Previous Post Next Post