নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জে আলোচিত মিনহাজ আহমদ (২২) হত্যা মামলায় আসামি হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী মোস্তাক আহমদ।
গত (২৬ আগস্ট) মিনহাজ আহমদ হত্যা মামলায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং: ১১,তাং:২৬/৮/২০২৪ইং) দায়ের করেন তার ভাই সাঈদ আলম।
মিনহাজ আহমদ হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়। এছাড়া মামলায় আরও ৫৫ জনের নামোল্লেখ ও ১০০/১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
উক্ত মামলায় প্রবাসে থেকেও ২০ নাম্বার আসামি হয়েছেন দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী মোস্তাক আহমদ। তিনি দক্ষিণ সুরমা উপজেলার কায়েস্থরাইল গ্রামের মুকিত মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমির সামনে থেকে মিছিল বের হয়ে গোলাপগঞ্জ চৌমুহনী প্রদক্ষিণ করে মিছিলটি ফিরে আসার সময় চৌমুহনীতে পূর্ব হতে উৎ পেতে থাকা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, পুলিশ-বিজিবি ছাত্র-জনতার উপর গুলি বর্ষণ করে। গুলির আঘাতে অনেকেই গুরুতর আহত হন। এসময় নিহত মিনহাজ আহমদের বুকে গুলি লাগে৷ সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামলার বিষয়টি নিশ্চিত করেন এবং মামলার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে জানা যায়, ওই মামলার আসামি মোস্তাক আহমদ আন্দোলনের প্রায় ১ বছর পূর্বে যুক্তরাজ্য পাড়ি জমালেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হত্যা মামলার আসামি হতে হয়েছে।
