|

গোলাপগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ, মামলা নিতে পুলিশের গড়িমসি


গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩ নং ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হানিফ খান ও তার সহযোগীদের বিরুদ্ধে অপহরণ এবং চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ৩ নং ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান অভিযোগ করেন, চেয়ারম্যান আব্দুল হানিফ খান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিলেন।

অভিযোগ অনুযায়ী, সোমবার (৭ নভেম্বর) মাহবুবুর রহমানের ২৩ বছর বয়সী ছেলে ওয়াদুদুর রহমানকে অস্ত্রের মুখে তাদের বাড়ির সামনে থেকে অপহরণ করা হয়। ঘটনার সময় মাহবুবুর রহমানের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে ফোন করে স্বামীকে ছেলে অপহরণের বিষয়টি জানান এবং চেয়ারম্যান আব্দুল হানিফ খানের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেন।

মাহবুবুর রহমানের ভাষ্যমতে, চেয়ারম্যান আব্দুল হানিফ খানকে ফোন করলে তিনি ছেলের মুক্তিপন ৫ লাখ টাকা দাবি করেন। সন্তানের নিরাপত্তা ও পরিবারের চরম মানসিক বিপর্যয়ের কথা বিবেচনা করে তিনি তাৎক্ষণিকভাবে ১ লাখ টাকা দেওয়ার সম্মতি দেন এবং বাকি টাকা পরদিন পরিশোধের আশ্বাস দেন। পরে টাকা গ্রহণের পর অপহৃত ওয়াদুদুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ঘটনার পর মাহবুবুর রহমান গোলাপগঞ্জ মডেল থানায় গিয়ে অভিযোগ দায়েরের চেষ্টা করেন। তবে থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম মামলা গ্রহণ না করে চেয়ারম্যানের সঙ্গে সমঝোতার পরামর্শ দেন বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, চেয়ারম্যানকে অসন্তুষ্ট না করতেই পুলিশ মামলা নিতে অনাগ্রহ দেখিয়েছে।

এ বিষয়ে চেয়ারম্যান আব্দুল হানিফ খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, “আমি বর্তমানে একটি মিটিংয়ে আছি। এ বিষয়ে পরে কথা বলবো।”

Post a Comment

Previous Post Next Post