|

যুক্তরাজ্য থেকেও সিলেটে বৈষম্য বিরোধী মামলার আসামি যুবলীগ নেতা জাহির


নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করলেও সিলেটে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় আসামি হয়েছেন সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহির আহমদ মোহন।

গত (২০ জানুয়ারি) সিলেটের মাননীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলগ্রহনকারী আদালত নং-০৬ (এয়ারপোর্ট সি.আর মামলা নং- ১২/২০২৬ ইংরেজি) এ মামলাটি দায়ের করেন সদর উপজেলার খাসদবীর এলাকার মো.আব্দুল্লাহ'র ছেলে সাব্বির আহমদ (২২)।

মামলায় তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীকে প্রধান আসামি করেন। এছাড়া ১৪০ জনের নামোল্লেখ ও ১০০/১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। উক্ত মামলায় ৬৩ নাম্বার আসামি করা হয় ওসমানীনগর উপজেলার জালালপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে জাহির আহমদ মোহনকে।

মামলা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে সারাদেশের ন্যায় এয়ারপোর্ট থানাধীন বড়বাজার এলাকায় শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে মামলার আসামিরা পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায়। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলায় শিক্ষার্থীরা প্রাণ বাঁচাতে দিগবিদিক ছুটতে থাকে। এসময় আসামিরা ঘটনাস্থলে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। তাদের হামলায় বহু শিক্ষার্থী আহত হন। এসময় মামলার বাদি সাব্বির আহমদও আহত হন। এঘটনায় সাব্বির আহমদ বাদি হয়ে মামলা দায়ের করেন।

এদিকে জানা যায়, ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি জীবন-জীবিকার তাগিদে যুক্তরাজ্য পাড়ি জমান মামলার ৬৩ নাম্বার আসামি জাহির আহমদ মোহন। দেশে থাকাকালীন সময়ে তিনি দীর্ঘদিন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি ছাত্রলীগের রাজনীতি করে ২/৪/২০১৭ সালে দয়ামীর ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব গ্রহন করেন। হিংসাত্মক ভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে তিনি প্রবাসে থেকেও মামলার আসামি হয়েছেন।

Post a Comment

Previous Post Next Post