নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোস্তাফিজুর রহমান নামে এক ছাত্রলীগ নেতার নামে 'নো' ভোটের দাবিতে পোস্টার টানানো হয়েছে৷
গতকাল (৯ ফেব্রুয়ারি) রাতে নগরীর চৌহাট্টা পয়েন্টে এ পোস্টার টানানো দেখা যায়। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এমন পোস্টার থাকায় জনসাধারণের মাঝে চাঞ্চল্য দেখা দিয়েছে।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ রয়েছে। এবার প্রথমবারের মতো আওয়ামী লীগ এ নির্বাচনে অংশ গ্রহণ করতে পারছে না। আওয়ামী লীগ নির্বাচনে অংশ গ্রহণ করতে না পারায় এ নির্বাচনকে অবৈধ আখ্যা দিতেছে তারা৷
এদিকে সিলেট মহানগর ছাত্রলীগের এক সাবেক নেতা মোস্তাফিজুর রহমান 'নো' ভোটের দাবিতে নগর জুড়ে পোস্টার টাঙিয়েছেন। পোস্টারে লেখা দেখা যায়,"সারা বাংলায় বেঁধেছে জোট, নৌকা ছাড়া কিসের ভোট?" ''অবৈধ নির্বাচন মানি না মানবো না।''
এদিকে এমন পোস্টারিং চোখে পড়ার পর জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ তারা ছাত্রলীগের সাবেক এ নেতাকে নিয়ে বিভিন্ন ধরণের মন্তব্য করছেন। নির্বাচনের আগে নির্বাচনকে বানচাল করার একটি ষড়যন্ত্র বলে মনে করছেন অনেকে।
এবিষয়ে জেলা পুলিশ সুপার বলেন, নির্বাচনকে বানচাল করতে নির্বাচনের ঠিক আগ মূহুর্তে যারা এধরণের কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। মোস্তাফিজুর রহমান নামে সাবেক এ ছাত্রলীগ নেতাকে খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
