নিউজ ডেস্ক : সুনামগঞ্জে আইন অমান্য করে বাঁধ কেটে দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শনিবার (৪ এপ্রিল) সকালের দিকে সুনামগঞ্জ সদর উপজেলার ডাকুয়ার হাওরের ফসল ডুবে যাওয়ার শঙ্কায় এক পক্ষ বাঁধ কাটতে গেলে আরেক পক্ষ তাতে বাধা দেয়। এ নিয়ে হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সদর উপজেলার মোহনপুর ও নোয়াগাঁও এলাকার লোকজন নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সনজিত কুমার বাঁধ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সভা করেন। বিষয়টি সমাধানের জন্য একটি কমিটিও গঠন করে দেন তিনি। পরে সে সিদ্ধান্ত না মেনে এলাকার প্রায় শতাধিক সশস্ত্র লোকজন জোরপূর্বক বাঁধ কেটে দেয়। এ সময় বাঁধ কাটতে বাধা দেওয়ায় মোহনপুর গ্রামের আলী, আফিজ, সুকুর আলী, আজিজুল, জাহাঙ্গীরসহ অন্তত ২০ জনের উপর হামলা চালানো হয় বলে জানা গেছে।
মোহনপুর গ্রামের ইউপি সদস্য নূরুল আমিন বলেন, `আমাদের গ্রামের লোকজন বাঁধ কাটতে বাধা দেওয়ায় তাদের ওপর হামলা করা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।’
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সনজিত কুমার চন্দ বলেন, 'আজ সকালে ডাকুয়ার হাওরের পানি নিষ্কাশনের ব্যাপারে স্থানীয় কৃষকদের নিয়ে একটি সভা করা হয়। সেখানে বাঁধ কাটা নিয়ে একটি কমিটি করে দেওয়া হয়েছে। কিন্তু একটা পক্ষ সেটা না মেনে বাঁধ কেটে দিয়েছে। যে কারণে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।'
