নিজস্ব প্রতিবেদক : স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস আজ সিলেটে গভীর শ্রদ্ধা বিনম্র ভালোবাসা ও যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ (১৫ আগস্ট) দুপুর ১২ ঘটিকায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সিলেট মহানগর যুব মহিলা লীগের উদ্যোগে আয়োজিত এই শোক সভায় ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের শিকার সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
আগস্ট মাস বাঙালির শোকের মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্টের এই কালরাতে স্বাধীনতাবিরোধী ঘাতক চক্রের নির্মম বুলেটে সপরিবারে শাহাদতবরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিনটির তাৎপর্য তুলে ধরে জেলা পরিষদ মিলনায়তন আজ এক শোকাবহ আবহে রূপ নেয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত এবং সকল শহীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন কর হয়।
সিলেট মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক ও সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর নাজনীন আক্তার কণার সভাপতিত্বে এই শোকাবহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সুচারু সঞ্চালনার দায়িত্বে ছিলেন মহানগর যুব মহিলা লীগের সদস্য রোকসানা বেগম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাসিত।
তিনি তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর আত্মত্যাগ ও স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে তাঁর দূরদর্শী নেতৃত্বের কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে জাতির পিতার সংগ্রামী ও রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনীন হোসেম। তিনি বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলেও বাংলার মানুষের হৃদয় থেকে তাঁর আদর্শকে মুছে ফেলতে পারেনি। শোককে শক্তিতে রূপান্তর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে।
শোক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিন, মহানগরীর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট যুব সংগঠক আফিকুর রহমান আফিক এবং মহানগর যুব মহিলা লীগের অর্থ সম্পাদক মোসাঃ নার্গিস আক্তার রত্না।
বক্তারা ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান।
এছাড়াও এই শোক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন মহানগর যুব মহিলা লীগের সদস্য তৃষ্ণা দেবী, ডা. দিনা আক্তার, ৩২নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি কবি শান্তা কামালী, কবি শিপারা বেগম শিপা, ২৯নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি পদপ্রার্থী তাহমিনা সুলতানা। পাশাপাশি মহানগর মহিলা লীগ নেত্রী রুনা বেগম, সুবর্ণা বেগম লিপি, আনোয়ারা বেগম, রুমা মজুমদার, বিলকিস বেগম মনোয়ারা, রুশনা বেগম, রেশমা বেগম, জেসমিন প্রমুখ নেত্রীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ শাহাদতবরণকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির সার্বিক কল্যাণ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে এক ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়।
