নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত মিনহাজ আহমদ (২২) হত্যা মামলায় আসামি হয়েছেন আলোচিত ছাত্রলীগ নেতা মো.মাহিন হাসান বাধন।
গত (২৬ আগস্ট) মিনহাজ আহমদ হত্যা মামলায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং: ১১,তাং:২৬/৮/২০২৪ইং) দায়ের করেন তার ভাই সাঈদ আলম।
উক্ত মামলায় প্রধান আসামি করা হয় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে। এছাড়া মামলায় আরও ৫৫ জনের নামোল্লেখ ও ১০০/১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলায় ২৭ নাম্বার আসামি করা হয় গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো.মাহিন হাসান বাধনকে৷ তিনি পৌর এলাকার রণকেলী নওয়াগ্রামের আব্দুল মন্নানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমির সামনে থেকে মিছিল বের হয়ে গোলাপগঞ্জ চৌমুহনী প্রদক্ষিণ করে মিছিলটি ফিরে আসার সময় চৌমুহনীতে পূর্ব হতে উৎ পেতে থাকা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, পুলিশ-বিজিবি ছাত্র-জনতার উপর গুলি বর্ষণ করে। গুলির আঘাতে অনেকেই গুরুতর আহত হন। এসময় নিহত মিনহাজ আহমদের বুকে গুলি লাগে৷ সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামলার বিষয়টি নিশ্চিত করেন এবং মামলার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে জানা যায়, আন্দোলনের পর থেকে গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন ছাত্রলীগ নেতা মো.মাহিন হাসান বাধন। তার ভাই আব্দুল মাহিদ শাওন পৌর ছাত্রলীগের সভাপতি। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে৷
