নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ উপজেলায় সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ ছাত্রলীগের সভাপতি আইমান আহমদ চৌধুরীর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া তাকে হত্যার হুমকিরও অভিযোগ উঠেছে।
গতকাল (২৫ মে) দুপুরে উপজেলার এওলাশার গ্রামে ছাত্রলীগ নেতা আইমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকে প্রায় সময় আইমান আহমদ চৌধুরীকে খুঁজতে তার বাড়িতে আসেন স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। একাধিক বার তার বাড়িতে এসে তাকে না পেয়ে পরিবারের সদস্যদের হুমকি দিয়ে গেছেন। কখনো আইমানকে পেলে হত্যা করা হবে। সবশেষ গতকাল দুপুরে ২০/২৫ জন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা তাকে খুঁজতে তার বাড়িতে আসেন। এসময় তাকে খুঁজতে থাকেন। পরিবারের সদস্য সে বাড়িতে নেই বলতেই তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে তারা। একপর্যায়ে তারা আইমানের ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে ও লুটপাট চালায়।
আরও জানা যায়, শেষে তারা হুমকি দিয়ে যায় যদি কখনো আইমানকে খুঁজে পাওয়া যায় তাহলে তাকে প্রাণে হত্যা করে ফেলা হবে।
এদিকে একাধিক বার বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের হামলা ও হুমকির ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন আইমানের পরিবার। তারা জানান, ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় বিএনপি জামায়াতের নেতাকর্মীরা এমন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এছাড়া তার বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়েছে।
