|

গোলাপগঞ্জে প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা, উল্টো মিথ্যা মামলার অভিযোগ


গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এক প্রবাসী বাংলাদেশি নৃশংস সন্ত্রাসী হামলার শিকার হওয়ার খবর পাওয়া গেছে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ওই প্রবাসী বর্তমানে চরম নিরাপত্তা হীনতায় ভুগে আধা-সুস্থ শরীর নিয়েই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী ওই প্রবাসীর নাম সাগর আহমদ। তিনি গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম বারকোট গ্রামের বাবুল আহমদের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০২৫ সালের ২৬ মে সাগর আহমদ তার অসুস্থ মাকে দেখার জন্য যুক্তরাজ্য (লন্ডন) থেকে দেশে আসেন। পরবর্তীতে ১৭ জুন (মঙ্গলবার) আনুমানিক বিকেল ৩টার দিকে তিনি মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে ঢাকাদক্ষিণ যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে দেওয়ান রোডের 'নয়া টিল্লা' নামক স্থানে পৌঁছামাত্র ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল তার ওপর অতর্কিত হামলা চালায়।

সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে তার কোমরের ডান পাশে এবং চোখে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন থাকার পর চরম নিরাপত্তা শঙ্কায় তিনি হাসপাতাল ছাড়তে বাধ্য হন এবং পরবর্তীতে এক আত্মীয়ের (ফুফু) বাসায় আত্মগোপনে থাকেন। শেষ পর্যন্ত দেশে নিজের নিরাপত্তা নিশ্চিত না দেখে আধা-সুস্থ শরীর নিয়েই তিনি জরুরি ভিত্তিতে লন্ডনে ফিরে যান।

ভুক্তভোগীর পরিবারের দাবি, এই নৃশংস হামলার পর স্থানীয় থানায় বারবার যোগাযোগ করা হলেও পুলিশ কোনো মামলা বা আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি। উল্টো ঘটনার ১০ দিন পর, অর্থাৎ ২৭ জুন প্রবাসী সাগর আহমদকে আসামি করে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

এই ঘটনার পেছনে থাকা প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে এবং পুরো ঘটনার সুষ্ঠু তদন্তে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী প্রবাসীর পরিবার।

Post a Comment

Previous Post Next Post