নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমায় ছাত্রলীগ নেতা মো.আবু সাঈদ সানির বাড়িতে ও পরিবারের সদস্যদের উপর হত্যার উদ্দেশ্যে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।
গতকাল (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার পুরান তেতলী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ২০২৪ এর ৫ আগস্ট পরবর্তী ছাত্রলীগ নেতা মো.আবু সাঈদ সানির পরিবারের সদস্যদের একাধিক সময় তার চাচা উপজেলা বিএনপির সভাপতি শেখ কবির মিয়া হুমকি ধমকি ও প্রাণে হত্যার ভয় দেখিয়ে আসছেন। এর কারণ হচ্ছে মো.আবু সাঈদ সানি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
আরও জানা যায়, সবশেষ গতকাল ৫ জানুয়ারি আবারও সানির চাচা বিএনপি নেতা শেখ কবির মিয়া আরও কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে তার বাড়িতে এসে হামলা চালান। এসময় পরিবারের সদস্যরা হামলার কারণ জানতে চাইলে দেশীয় অস্ত্র দিয়ে তাদের হত্যার উদ্দেশ্যে হামলা চালায় তারা। হামলায় গুরুতর আহত হন সানির পিতা আবুল মিয়া। আশংকাজনক অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যান।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম, হামলার বিষয়টি নিশ্চিত করেন।
