নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে মারুফ আহমদ (৩২) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে কানাইঘাট থানা পুলিশ। এসময় আরেক ছাত্রলীগ নেতা আশরাফ উদ্দিন রোমানের বাসায় অভিযান চালায় পুলিশ।
গতকাল (৪ জানুয়ারি) রাত সোয়া বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি কানাইঘাট উপজেলার বিরদল ছোটফৌদ গ্রামের মৃত শামসু উদ্দিনের ছেলে। সে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আসামি হওয়ায় পলাতক ছিলেন ছাত্রলীগ নেতা মারুফ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় বৈষম্য বিরোধী আন্দোলনের দুইটি মামলায় আসামি হওয়ায় আরেক ছাত্রলীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী আশরাফ উদ্দিন রোমানের শিবগঞ্জ খর্দ্দাপাড়া বৈশাখী ১৩৬ নং এলাকার বাসায় তাকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। এছাড়া একাধিক সময়ে আশরাফ উদ্দিন রোমানের কানাইঘাট উপজেলার বীরদল লক্ষীপুর গ্রামের বাড়িতে পুলিশ অভিযান চালায়।
কানাইঘাট থানার উপপরিদর্শক সৈয়দ মিসবাহ উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন এবং আশরাফ উদ্দিন রোমানের বাসায় অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
