নিজস্ব প্রতিবেদক : গত ১ অক্টোবর সিলেট মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে সহসভাপতি নির্বাচিত হন ছাত্রলীগ নেতা ফাহিম আহমদ। এমন খবর পাওয়ার পর তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।
গতকাল (৪ অক্টোবর) রাতে মোগলাবাজার থানার কাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ফাহিম আহমদ মোগলাবাজার থানার কাদিপুর গ্রামের আব্দুস শহিদ শাহীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনের পর ছাত্রলীগ নেতা ফাহিম আহমদের উপর দুইটি মামলা দায়ের করা হয়। আন্দোলনের পর থেকে তার বাড়িতে একাধিকবার হামলা চালায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
আরও জানা যায়, ঘটনার দিন রাতে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পুনরায় তার বাড়িতে আসেন। এসময় সে মহানগর ছাত্রলীগের কমিটিতে পদ পাওয়ায় তাকে না পেয়ে তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়। এক পর্যায়ে তারা উত্তপ্ত হয়ে তার ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এছাড়া ফাহিমের সন্ধান পেতে তারা বার বার বাড়িতে আসবেন বলে হুমকি দিয়ে যান এবং ফাহিমকে কখনো পেলে প্রাণে হত্যা করা হবে বলে জানান তারা।
এদিকে বার বার পুলিশী তল্লাশি ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের হয়রানি ও হামলার ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তার পরিবারের সদস্যরা।
