নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের ছাতক উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি যুবলীগ নেতা মো.আব্দুল হাদীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানাজারী করেছেন আদালত।
গত বছরের ১২ আগস্ট সুনামগঞ্জের ছাতক থানায় একটি হত্যা চেষ্টা মামলা (মামলা নং: ২৪ তাং,১২/৮/২০২৪ইং) দায়ের করেন মামুন মিয়া (২৮) নামের এক যুবক। তিনি ছাতক উপজেলার চরবাড়ুকা গ্রামের মৃত গোলাম মর্তুজার ছেলে। মামলায় তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান আসামি করে ২৫ জনের নামোল্লেখ ও ২০০/২৫০ জনকে অজ্ঞাত আসামি করেন।
এছাড়া মামলার তদন্তে ঘটনার সাথে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় অত্র মামলায় ২৬ নাম্বার আসামি করা হয় উপজেলার বিশ্বম্ভপুর গ্রামের মো.গিয়াস উদ্দিনের ছেলে যুবলীগ নেতা মো.আব্দুল হাদীকে। তিনি গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। ওই মামলায় আসামি হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাজারী করেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে উপজেলার পৌর ভবনের সামনে ছাত্র-জনতাকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় তাদের সাথে কিছু পুলিশও অংশ নেয়৷ এসময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন মামলার আসামি মামুন মিয়া। পরে চিকিৎসা শেষে মামলার অভিযুক্ত আসামিদের নামোল্লেখ ও অজ্ঞাত আসামিদের আসামি করে মামলায় দায়ের করেন তিনি।
এদিকে উক্ত মামলার তদন্তে বের হয়ে আসে মামলার পরবর্তী আসামি মো.আব্দুল হাদীর নাম। তদন্তে প্রাপ্ত হওয়ায় তাকেসহ মামলায় উল্লেখিত অপর আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশট প্রেরণ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অথচ তিনি ঘটনার পূর্ব হতে যুক্তরাজ্যে অবস্থান করছেন। যুক্তরাজ্য থাকার পরও তাকে হত্যা চেষ্টা মামলার আসামি করা হয়েছে।
