নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন আশরাফ উদ্দিন রোমান (৩১) নামে এক ছাত্রলীগ নেতা। তবুও বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় আসামি হতে হয়েছে তাকে।
গত (১৭ অক্টোবর) সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী-৪ আদালতে যাহা (কোতোয়ালি মডেল থানার মামলা নং: ১৭, তাং: ১৭/১০/২০২৪ইং) মামলাটি দায়ের করেন সিলেটের সুবিধবাজার ফাজিলচিশতি এলাকার খলিলুর রহমানের ছেলে মো.জলিল (৩৬)।
মামলায় তিনি ৭৯ জনের নামোল্লেখ ও ১০০/২০০ জনকে অজ্ঞাত আসামি করেন। ওই মামলায় ২৮ নম্বর আসামি করা হয় আশরাফ উদ্দিন রোমানকে।
আশরাফ উদ্দিন রোমান কানাইঘাট উপজেলার বীরদল লক্ষীপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, শেখ হাসিনার পতনের দাবিতে সারাদেশের ন্যায় সিলেটেও গত ৪ আগস্ট মিছিল বের করে ছাত্র-জনতা। ঘটনার দিন দুপুর ২টার দিকে ছাত্র-জনতা মিছিল সহকারে জিন্দাবাজার থেকে বন্দরবাজার আসার পথে মামলার আসামিরা মিছিলে বাধা দেয়৷ এসময় ছাত্র-জনতার উপর আসামিরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায়৷ হামলার এক পর্যায়ে মামলার বাদি মো.জলিল গুরুতর আহত হন।
জানা যায়, আসামি ছাত্রলীগ নেতা আশরাফ ২০২১ সালের দিকে যুক্তরাজ্যে পাড়ি জমান। দেশে থাকায় অবস্থায় তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদারের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো। তার সাথে তিনি সিলেটে রাজনীতি করতেন। যে কারণে তিনি ছাত্রলীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে অংশ নিতেন।
এদিকে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় প্রবাসে যাওয়ার পরও বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় আসামি হয়েছেন আশরাফ উদ্দিন রোমান।
