নিজস্ব প্রতিবেদক : বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকে একের পর এক মামলার আসামি হচ্ছেন সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ ছাত্রলীগের সভাপতি আইমান আহমদ চৌধুরী। এবার তার বিরুদ্ধে হত্যা মামলার পর হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।
গত (১ অক্টোবর) সিলেট কোতোয়ালি মডেল থানায় রায়হান উদ্দিন (২৭) নামে এক যুবক এ মামলা দায়ের করেন। যাহা কোতোয়ালী মডেল থানার মামলা (মামলা নং-১, তাং:১/১০/২০২৪ ইং)।
ওই মামলায় সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানকে প্রধান আসামি করা হয়। এছাড়াও ৬৯ জনের নামোল্লেখ ও ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ ছাত্রলীগের সভাপতি আইমান আহমদ চৌধুরীকে ৫৯ নাম্বার আসামি করা হয়।
আইমান আহমদ চৌধুরী সিলেটের জকিগঞ্জ থানার এওলাশার গ্রামের আলাউদ্দিন চৌধুরীর ছেলে। তিনি সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ ছাত্রলীগের সভাপতি।
মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দেশজুড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের দাবিতে ছাত্র-জনতার সাথে একাত্মতা পোষণ করে মিছিলে অংশগ্রহণ করেন মামলার বাদি রায়হান উদ্দিন। মিছিলটি নগরীর শাহজালাল ভার্সিটি গেইটের সামনে থেকে আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালের সামনে পৌঁছামাত্র পূর্ব পরিকল্পিতভাবে মামলার আসামিরা ছাত্রজনতার উপর দেশীয় ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় বাদিসহ অনেক ছাত্র-জনতা আহত হন। এঘটনায় রায়হান উদ্দিন বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে মামলায় আসামি হওয়ার পর থেকে গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন ছাত্রলীগ নেতা আইমান আহমদ চৌধুরী। হত্যা ও হত্যা চেষ্টার দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এক দিকে গ্রেপ্তার আতঙ্কে আইমান অন্যদিকে দুঃশ্চিন্তা ও উৎকণ্ঠে দিনপাড় করছেন তার পরিবারের সদস্যরা।
