নিজস্ব প্রতিবেদক : সিলেটে যুক্তরাজ্য থেকে ফেসবুক পোস্টে আওয়ামী লীগ নেতার প্রাণনাশের হুমকির পর জীবনের নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিতে আদালতে মামলা করেছেন রিমন আহমদ নামে এক ভুক্তভোগী যুবক।
গতকাল (২৬ নভেম্বর) সিনিয়র জেলা ও দায়রা জজ, সাইবার ট্রাইব্যুনাল, সিলেটে মামলাটি (সাইবার পিটিশন মামলা নং-২০/২০২৪ ইং) দায়ের করেন গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামের আলতাফ উদ্দিনের ছেলে রিমন আহমদ।
মামলার আসামি মোঃ রাসেল আমীন একই এলাকার আতিকুল হকের ছেলে। বর্তমানে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন।
মামলা সূত্রে জানা যায়, আসামি রাসেল আমীন ও বাদি রিমন আহমদ একই এলাকার হওয়ায় তারা দু'জনে পূর্বপরিচিত। গত ২৪ নভেম্বর রাত সাড়ে ১০টার পর থেকে আসামি রাসেল আমীন নিজ নামীয় ফেসবুক আইডি (https://www.facebook.com/share/185fe6h2XX/) থেকে মামলার বাদি ভুক্তভোগী রিমন আহমদকে প্রাণনাশের হুমকি প্রদান করেন।
রিমন আহমদকে হুমকি প্রদানের পোস্টটি পাঠকদের উদ্দেশ্যে হুবুহু তুলে ধরা হলো- "এই রিমন বেশি বাড়াবাড়ি করিছনা, আওয়ামী লীগ সামনে আবারো আসবে। বারকোট ক্লাবে তোমরা বিএনপি জামায়াত ঢুকাতে চাইলে আমরা আওয়ামী লীগ বসে থাকবো না। তুই সহ সব-কয়টাকে জানে মেরে ফেলবো বুঝছিস।"
এদিকে আসামির এমন হুমকির ফলে বর্তমানে বাদি চরম প্রাণভয়ে ও নিরাপত্তাহীনতায় দিনপার করছেন। তিনি এমন ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন প্রশাসনের কাছে৷
