|

অপারেশন ডেভিল হান্ট: গোলাপগঞ্জে গ্রেপ্তার ৩, আরেক আসামি জুমনের বাড়িতে তল্লাশি


নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জে অপারেশন ডেভিল হান্টে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরেক আসামি যুক্তরাজ্য প্রবাসী ও সাবেক ছাত্রলীগ নেতা উবায়েদ হুসেইন জুমনকে গ্রেপ্তারে তার বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ।

গতকাল (১৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোলাপগঞ্জ পৌরসভার টিকরবাড়ি এলাকার মৃত পাখি মিয়ার ছেলে অপু খান বদই, উপজেলার কায়স্থগ্রামের মৃত রাজা মিয়ার ছেলে ইউপি সদস্য কবির আহমদ (৩৬) ও ধারাবহর গ্রামের ইশাদ আলীর ছেলে টুনু তালুকদার (২৮)। এদিকে ধারাবহর গ্রামের সৈয়দ হোসেন আহমদের ছেলে উবায়েদ হুসেইন জুমনকে গ্রেপ্তারে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তিনি ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ৩ জনই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী। গোলাপগঞ্জ থানায় তাঁদের ওপর বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক হত্যা মামলাসহ অন্যান্য মামলা রয়েছে। এছাড়া আরেক আসামি উবায়েদ হুসেইন জুমনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের একটি হত্যা মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম উবায়েদ হুসেইন জুমনকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা। তিনি বলেন, ‘তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁদের আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়াও উবায়েদ হুসেইন জুমনকে গ্রেপ্তারের কাজ করছে পুলিশ।

Post a Comment

Previous Post Next Post