নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা শাহরিয়ার আহমদের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল (১৯ জানুয়ারি) রাতে উপজেলার সদর ইউনিয়নের বুটিটিকর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন শাহরিয়ার আহমদ। আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে শাহরিয়ার আহমদ একজন প্রভাবশালী ছাত্রনেতা হিসেবে পরিচিত ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনের পর তার নামে দুইটি মামলা দায়ের করা হয়। এছাড়া শেখ হাসিনার পতনের পর থেকে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা একাধিকবার তার খুঁজে বাড়িতে তল্লাশী চালায়। তাকে না পেয়ে তার পরিবারের সদস্যদের হুমকি দিতো তারা।
আরও জানা যায়, ঘটনার দিন রাতে আবারও শাহরিয়ার আহমদকে খুঁজতে তার বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে তল্লাশি চালায় বিএনপির ১৫/২০ জন নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীরা শাহরিয়ার আহমদকে না পেয়ে তার বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এসময় ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র-নগদ টাকা লুটপাট করে নিয়ে যায় তারা। হামলায় বাধা দিতে গেলে পরিবারের সদস্যদেরও মারধর করে সেখান থেকে চলে যায় হামলাকারীরা। যাওয়ার সময় তারা হুমকি দিয়ে যায়, শাহরিয়ার আহমদ কখনো দেশে ফিরলে তাকে প্রাণে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়।
এদিকে এঘটনার পর থেকে আতঙ্কে আর উদ্বিগ্নে দিনপার করছেন শাহরিয়ার আহমদের পরিবারের সদস্যরা। তারা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শাহরিয়ার আহমদের দেশে ফেরা নিরাপদ মনে করছেন না। তিনি সিলেট মহানগর ১৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
