নিজস্ব প্রতিবেদক : সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর গুলি ছুঁড়ে মামলার আসামি হলেন ছাত্রলীগ নেতা রঞ্জন বিশ্বাস (২৫)।
গত (২২ জুন) মাননীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলগ্রহণকারী ১ম আদালত-সিলেটে একটি মামলা (কোতোয়ালি সি.আর,মামলা নং-৫৩৪/২০২৫ ইং) দায়ের করেন আইনুল হক (৪১) নামের এক ব্যাক্তি। তিনি সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার ঠাকুরভোগ গ্রামের আব্দুর রহিমের ছেলে। উক্ত মামলায় তিনি সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে প্রধান আসামি করে ৬১ জনের নামোল্লেখ, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ৭০/৮০ জন নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করেন।
উক্ত মামলায় ২১ নাম্বার আসামি করা হয় রঞ্জন বিশ্বাসকে (২৫)। তিনি গোয়াইনঘাট উপজেলার পশ্চিম পেকের খাল গ্রামের নিলমনি বিশ্বাসের ছেলে। রঞ্জন বিশ্বাস গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২ আগস্ট দুপুরে শেখ হাসিনা সরকার পতনের দাবিতে নগরীর নয়াসড়ক মানিকপীর মাজারের পাশে শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিলো ছাত্র-জনতা। কর্মসূচি চলাকালে বিকেল ৪টার দিকে পূর্বপরিকল্পিত ভাবে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে জয় বাংলা স্লোগান দিয়ে আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায় মামলার আসামিরা।
মামলা সূত্রে আরও জানা যায়, মামলার ১৬-৭০ নাম্বার আসামিরা তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে বৃষ্টির মতো গুলি ছুঁড়তে থাকেন। গুলি বর্ষণের এক পর্যায়ে ছাত্র-জনতা প্রাণ বাঁচাতে দিগবিদিক ছুটতে থাকেন। একপর্যায়ে গুলির আঘাতে আহত হন মামলার বাদিসহ আরও অনেকে।
আরও জানা যায়, ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ থানায় গত ২৩ এপ্রিল ছাত্রলীগ নেতা রঞ্জন সহ ১৪ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ৭/৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে আন্দোলনের মাসখানেক পর রঞ্জন বিশ্বাস যুক্তরাজ্যে পাড়ি জমান। যুক্তরাজ্যে যাওয়ার পর তিনি শুনতে পান মামলার আসামি হয়েছেন। দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে মামলা হওয়ায় উদ্বিগ্ন তার পরিবার। নিরাপত্তাহীনতায় ভুগছেন তার পরিবারের সদস্যরা। দেশে ফিরলে উক্ত মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে জেতে পারেন তিনি। এই মূহুর্তে তিনি বা তার পরিবার দেশে ফিরে আসা নিরাপদ মনে করছেন না।
